ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৬:৪২ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) প্রধান পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ যুলঘাদর। তিনি গত সপ্তাহে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়েছেন।
মোহাম্মদ যুলঘাদরকে ইরানের রাজনৈতিক ব্যবস্থার “গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব” হিসেবে বর্ণনা করা হচ্ছে। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রাক্তন কমান্ডার এবং ২০২৩ সাল থেকে উপদেষ্টা এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আইআরজিসির প্রথম প্রজন্মের সদস্য হিসেবে যুলঘাদর ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি আট বছর আইআরজিসি জয়েন্ট স্টাফের প্রধান এবং আরও আট বছর ডেপুটি কমান্ডার ইন চিফসহ বিভিন্ন উচ্চ সামরিক ও নিরাপত্তা পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বিচারিক দায়িত্বও সম্পন্ন করেন।
যুলঘাদরের এই মনোনয়ন লারিজানির রেখে যাওয়া শূন্যস্থান পূরণে এবং দেশের জটিল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
সূত্র: আল জাজিরা
