কেপি শর্মাকে গ্রেপ্তারের ঘটনায় নেপালের বিভিন্ন স্থানে বিক্ষোভ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২৩:১৩ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার (২৮ মার্চ) গ্রেপ্তারের পর তাকে নিজ বাসভবন থেকে হেফাজতে নেয় পুলিশ। তবে গ্রেপ্তারের পরপরই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৭৪ বছর বয়সী এই নেতাকে কাঠমান্ডুর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে, কেপি শর্মা ওলিকে গ্রেপ্তারের প্রতিবাদে নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে নেপালজুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়।

মূলত দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের ক্ষোভ থেকেই এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। সেই সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ আন্দোলনকারী।

বিক্ষোভ দমনে সরকারি ভূমিকা তদন্তে গঠিত একটি প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বিরুদ্ধে ‘ফৌজদারি অবহেলার’ অভিযোগে বিচারের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই আজ শনিবার ওলির পাশাপাশি রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, আইন অনুযায়ী গ্রেপ্তারি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ওলির বয়স এবং তার দুইবার কিডনি প্রতিস্থাপনের ইতিহাস বিবেচনায় তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

আবা/এসআর/২৬