লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:৫৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ৪ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। 

গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত সেনাদের মধ্যে ৩ জনের নাম-পরিচয়-পদবি প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয়-পদবি পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের অধীন। 

আইডিএফ জানায়, সোমবার দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময় সন্ধ্যা ৬টা ৩০মিনিটে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েক জন যোদ্ধাও নিহত ও আহত হয়েছে। তবে তাদের সংখ্যা আইডিএফের বিবৃতিতে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের দ্বিতীয় দিন ২ মার্চ লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১ হাজার ২৪৭ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন।

সূত্র : টাইমস অব ইসরায়েল