ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে আরাগচি 

বেসামরিক স্থাপনায় হামলার হুমকি যুদ্ধাপরাধ স্বাভাবিকীকরণের শামিল

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৬:০৩ | অনলাইন সংস্করণ

  অন্তর্জাতিক ডেস্ক

ইরানের বেসামরিক স্থাপনার ওপর যেকোনো মার্কিন হামলার বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির ওপর সুদূরপ্রসারী পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই বিপর্যয়ের দায়ভার একমাত্র মার্কিন কর্মকর্তাদের বহন করতে হবে।

স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) আরাগচি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো টেলিফোনে কথা বলেন। এসময় তারা মার্কিন-ইসরায়েলি আগ্রাসী যুদ্ধ, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইরানের স্থাপনার ওপর হামলা সংক্রান্ত মার্কিন হুমকির কথা উল্লেখ করে আরাগচি বলেন, এই হুমকি যুদ্ধাপরাধ ও গণহত্যাকে স্বাভাবিকীকরণের শামিল। যদি এটি কার্যকর করা হয় তবে নিঃসন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এর একটি চূড়ান্ত ও ব্যাপক জবাব দেওয়া হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, এই ধরনের পরিস্থিতির পরিণতি শুধু ইরান ও এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তা বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এর দায়ভার একমাত্র মার্কিন কর্মকর্তা ও আগ্রাসনকারীদের ওপরই বর্তাবে।

অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং স্থাপনায়র ওপর হামলার হুমকিকে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির একটি উৎস হিসেবে বর্ণনা করেছেন। তিনি কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

ইরান ও ফ্রান্সের শীর্ষ কূটনীতিকরা দুই দেশের মধ্যে কনস্যুলার বিষয় নিয়েও আলোচনা করেন। 

সূত্র: তাসনিম নিউজ