হরমুজ ইস্যুতে ইরানের পক্ষে শক্ত অবস্থান দুই পরাশক্তির
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২৩:৩১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে যখন পশ্চিমারা সামরিক বলপ্রয়োগের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে বিশ্বের দুই প্রভাবশালী পরাশক্তি রাশিয়া ও চীন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি বিশেষ প্রস্তাবে ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া ও চীন। খবর আল-জাজিরার।
জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অপরদিকে পাকিস্তান ও কলাম্বিয়া ভোটদানে বিরত থাকে। নিয়ম অনুযায়ী, ৯টি ভোট পেলেই প্রস্তাবটি পাস হওয়ার কথা ছিল।
প্রস্তাবটির প্রাথমিক খসড়ায় জাতিসংঘ সনদের শক্তিশালী ‘অধ্যায় ৭’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। এই ধারাটি কার্যকর হলে সদস্য রাষ্ট্রগুলো প্রয়োজনে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আইনি বৈধতা পেত। তবে শুরু থেকেই এই ধারার তীব্র বিরোধিতা করে আসছিল রাশিয়া ও চীন।
চূড়ান্ত যে প্রস্তাবটি ভোটে তোলা হয়, সেখানে বলপ্রয়োগের পরিবর্তে হরমুজ প্রণালির বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী দেশগুলোকে ‘প্রতিরক্ষামূলকভাবে সমন্বয়’ করার আহ্বান জানানো হয়। তবে রাশিয়া ও চীন এতে সম্মত হয়নি।
প্রস্তাবটির অন্যতম সমর্থক বাহরাইন আশা করেছিল, সংশোধিত ভাষার কারণে অন্তত রাশিয়া ও চীন ভেটো প্রয়োগে বিরত থাকবে এবং প্রস্তাবটি পাস হবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সরাসরি ভেটো দেয়।
পর্যবেক্ষকদের মতে, এই ভেটোর মাধ্যমে রাশিয়া ও চীন আবারও স্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে তেহরানকে সমর্থন দেবে-এমন বার্তা দিয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিষদ এই ইস্যুতে স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা হরমুজ প্রণালি ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।
আবা/এসআর/২৬
