যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে, দাবি ট্রাম্পের

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত বিজয় হয়েছে।

মঙ্গলবার ইরান যুদ্ধবিরতিতে সম্মতি জানালে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা (আমাদের) সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়… একদম শতভাগ। এ ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই।”

এর আগে মার্চের মাঝামাঝি পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ পয়েন্টের একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন ট্রাম্প। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি সেটির একটি সংশোধিত সংস্করণ পাঠান, যেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির উল্লেখ ছিল।

ইরান সেই প্রস্তাব পর্যালোচনা করে মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতির পক্ষে মত দেয়, যা ট্রাম্পও মেনে নেন।

তবে এর আগের দিনগুলোতে ট্রাম্প ইরানকে কঠোর হুমকি দিয়েছিলেন। তিনি সতর্ক করেছিলেন, যদি ইরান সমঝোতা চুক্তিতে না আসে—তাহলে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেতুসহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

নতুন দুই সপ্তাহের যুদ্ধবিরতি ব্যর্থ হলে ট্রাম্প তার হুমকি কার্যকর করবেন কি-না—এ বিষয়ে এএফপির প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আপনাদের ধৈর্য ধরতে হবে। চীন এক্ষেত্রে এগিয়ে আসতে পারে। আমার বিশ্বাস, যুদ্ধবিরতির দুই সপ্তাহে ইরানকে আলোচনার টেবিলে আনা এবং সমঝোতা চুক্তিতে পৌঁছাতে ইরানকে সহযোগিতা করবে চীন।”

সূত্র : এএফপি