ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা।
তবে, প্রতিনিধিদলে কে বা কারা থাকবেন, তারা কখন ইসলামাবাদে পৌঁছাবেন কিংবা কীভাবে আলোচনা হবে-এসব বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত ইসলামাবাদের সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস থাকা রাজধানীর ‘রেড জোন’ এলাকা সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও এখন তা সব ধরনের মানুষ ও যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রেড জোনের আশপাশের এলাকাগুলোতে ক্যামেরা হাতে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ছে। পাকিস্তান সরকার সাংবাদিকদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে।
এদিকে ইতোমধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এয়ার ফোর্স টু-তে করে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন।
তবে শেষ পর্যন্ত আলোচনা হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তিতে লেবানন না থাকার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
চুক্তি ভঙ্গের বিষয়ে পরস্পরের দিকে আঙুল তুললেও যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে শর্ত পূরণ না হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও এসেছে উভয় পক্ষ থেকেই।
সূত্র: বিবিসি বাংলা
আবা/এসআর/২৬
