ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। 

ইরান রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেমমতি। এছাড়া প্রতিনিধি দলে ইরানের পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। 

ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।

সূত্র: আল-জাজিরা

 

আবা/এসআর/২৬