ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ | অনলাইন সংস্করণ

  অন্তর্জাতিক ডেস্ক

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুর্দি রাজনীতিক নিজার আমেদি। দীর্ঘ পাঁচ মাসের রাজনৈতিক অচলাবস্থার পর শনিবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ২২৭ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। পরে শপথ নিয়ে সাদ্দাম-পরবর্তী ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান (পিইউকে) মনোনীত আমেদি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথান্না আমিন নাদেরকে পরাজিত করেন, যিনি মাত্র ১৫টি ভোট পান।

২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর আমেদি ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হলেন। শপথ নেওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি ‘ইরাক ফার্স্ট’ নীতি অনুসরণের অঙ্গীকার করেন এবং দেশের বর্তমান সংকট মোকাবিলায় সব প্রশাসনিক শাখার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন।

৫৮ বছর বয়সী আমেদি একজন অভিজ্ঞ সরকারি কর্মকর্তা। তিনি এর আগে দুই সাবেক প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইরাকের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বিধান থাকলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ভোট একাধিকবার স্থগিত হয়। অবশেষে আমেদির নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল। গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন দেশটিতে নতুন সরকার গঠন সম্ভব হয়নি।

এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইরাক ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। চলতি সপ্তাহের শুরুতে ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের সাময়িক অবসান ঘটে।

সংঘাত চলাকালে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোতে ইরানপন্থি গোষ্ঠীগুলোর হামলা এবং এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলায় ইরাকি বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হন। প্রেসিডেন্ট আমেদি এসব হামলার তীব্র নিন্দা জানান।

প্রেসিডেন্ট নির্বাচন শেষে এখন দেশটির রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নির্বাচন। ইরাকের প্রচলিত ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থায় এ পদটি শিয়া মুসলিমদের জন্য সংরক্ষিত।

পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ জোট ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে এ পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মালিকি সরকার গঠন করলে যুক্তরাষ্ট্র ইরাক থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে।

সাংবিধানিক বিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টকে আগামী ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ জোটের মনোনীত ব্যক্তিকে সরকার গঠনের দায়িত্ব দিতে হবে।

সূত্র: আল জাজিরা