ইরানের সব বন্দরে অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:৪৫ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পূর্বের ঘোষণা অনুযায়ী ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক চলাচল এখন কঠোর নজরদারির আওতায় এসেছে। খবর আল জাজিরার।

সোমবার (১৩ এপ্রিল) ইরানের স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক অবরোধ শুরু হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে আটক, পথ পরিবর্তনে বাধ্য বা প্রয়োজনে জব্দ করা হতে পারে। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা (বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হয়। এর মাধ্যমে ইরানের বন্দরগামী ও বহির্গামী সব ধরনের জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে মার্কিন সেনারা বলেছিল, বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রে এ অবরোধ কার্যকর হবে। তারা জানায়, যেসব জাহাজ ইরানের বন্দরের দিকে যাবে বা আসবে তার সব জাহাজকে আটকানো হবে।

কিন্তু উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে গেলে অবরুদ্ধের আওতায় পড়তে হবে না।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড বলেছে, “মার্কিন সামরিক বাহিনী ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সকল দেশের পতাকাবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে।”

“অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে বা সেখান থেকে বের হলে সেটিকে পথিমধ্যে আটক করা, গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা অথবা জব্দ করা হতে পারে। তবে এ অবরোধ ইরান বন্দর বাদে অন্যান্য বন্দরে যাওয়ার ক্ষেত্রে কার্যকর হবে না।”

 

আবা/এসআর/২৬