অবরোধ ভাঙার চেষ্টা করলেই ইরানি জাহাজ ধ্বংসের হুমকি ট্রাম্পের
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:৫১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে আনুষ্ঠানিকভাবে অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এরপরই তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ইরানের জাহাজ অবরুদ্ধ এলাকার কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে।
এরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের নৌবাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন এবং সমুদ্রের তলদেশে পড়ে আছে... মোট ১৫৮টি জাহাজ। তবে তাদের অল্প সংখ্যক, যেগুলোকে তারা “দ্রুত আক্রমণকারী জাহাজ” বলে, সেগুলোতে আমরা আঘাত হানিনি, কারণ আমরা সেগুলোকে তেমন বড় হুমকি বলে মনে করিনি।’
তিনি আরও বলেন, ‘সতর্কবার্তা: এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো ধ্বংস করা হবে। সমুদ্রে নৌকায় থাকা মাদক পাচারকারীদের বিরুদ্ধে (ভেনিজুয়েলায়) আমরা যে হত্যা পদ্ধতি ব্যবহার করি, ঠিক সেই পদ্ধতিই ব্যবহার করা হবে। এটি দ্রুত এবং নৃশংস।’
তিনি আরও বলেন, সমুদ্রে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে দ্রুত ও কঠোর পদ্ধতিতে অভিযান চালানো হয়, একই ধরনের কৌশল ব্যবহার করা হবে।
এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির আশপাশে ইরানি বন্দরগামী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এবং সংঘাত নতুন মাত্রা পেতে পারে।
আবা/এসআর/২৬
