হরমুজ প্রণালি খুলতে সর্বোচ্চ চেষ্টা করব: স্টারমার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ

ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাব কমানো এবং হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
স্টারমার বলেন, স্থায়ী যুদ্ধবিরতি এবং সমঝোতা জরুরি, একই সঙ্গে হরমুজ প্রণালি খোলা রাখা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন দেশকে নিয়ে একটি জোট গঠনের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, চলমান পরিস্থিতি শুধু নির্দিষ্ট কোনো দেশের নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব ফেলছে। তাই এ সংকট মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, এ উদ্যোগ বাস্তবায়নে কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা, অর্থনৈতিক ও সরবরাহ ব্যবস্থার সমন্বয় এবং প্রয়োজনে সামরিক পরিকল্পনাও থাকতে পারে।
এরই মধ্যে জানা গেছে, স্টারমার ও ম্যাকরন যৌথভাবে প্রায় ৪০টি দেশের একটি ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি বহুপাক্ষিক মিশন গঠন করা।
