ইরান থেকে ইউয়ানে তেল কিনছে ভারত
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো। ভারত এর মূল্য পরিশোধ করছে চীনা ইউয়ানে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তার পরই এই তেল ক্রয় শুরু হয়। একই প্রেক্ষাপটে সমুদ্রপথে রাশিয়া ও ইরানের তেল কেনার সুযোগ পায় বিভিন্ন দেশ।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নবায়ন করলেও, ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞাটি আগামীকাল শেষ হয়ে যাবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেলের ওপর দেওয়া এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ভবিষ্যতে এ ধরনের লেনদেন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে অর্থ পরিশোধের জটিলতা সত্ত্বেও কিছু ভারতীয় শোধনাগার ইতোমধ্যে বিপুল পরিমাণ ইরানি তেল কিনেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) প্রায় ২০ কোটি ডলারের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে, যা ‘জয়া’ নামের একটি বিশাল তেলবাহী জাহাজে করে দেশে আনা হয়। এছাড়া ইরানের আরও চারটি তেলবাহী জাহাজকে ভারতে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে।
আবা/এসআর/২৬
