মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানি জাহাজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:১০ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ঘোষিত কঠোর নৌ-অবরোধ থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে ‘শোজা-২’ নামের একটি ইরানি কার্গো জাহাজ।
সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জাহাজটি বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে এবং ভারতের কান্দলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তারা স্বাধীনভাবে এই দাবিটি যাচাই করতে পারেনি, কিন্তু সামুদ্রিক বিশ্লেষণ প্রদানকারী সংস্থা মেরিনট্র্যাফিকের সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, জাহাজটি বর্তমানে প্রণালিটিতে চলাচল করছে। মেরিনট্র্যাফিকের মতে, শোজা ২ জাহাজটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করছে।
এদিকে, ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে মাত্র তিনটি জাহাজ চলাচল করেছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, এই সময়ে ব্রিটিশ নিষেধাজ্ঞার অধীনে থাকা ‘নেরো’ নামের কেবল একটি ট্যাংকার এই প্রণালি দিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে এবং দুটি জাহাজ প্রবেশ করেছে।
আবা/এসআর/২৬
