শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে বড় ধরনের সাইবার হামলা

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২৩:৩৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়ে একটি হ্যাকার চক্র। দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এযাবৎকালের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা এটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলম্বোতে আয়োজিত এক ব্রিফিংয়ে দেশটির অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপেরুমা এই তথ্য জানান।

তিনি বলেন, চুরি হওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছিল। মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভার হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তবে তদন্তে দেখা যায়, ব্যবস্থা নেওয়ার আগেই অস্ট্রেলিয়াকে দেওয়ার জন্য নির্ধারিত অর্থটি উধাও হয়ে গেছে।

সুরিয়াপেরুমা আরও জানান, এ ঘটনায় দেশটির পাবলিক ঋণ ম্যানেজমেন্ট অফিসের (পিডিএমও) চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাহায্য চাওয়া হয়েছে।

এদিকে শ্রীলঙ্কায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ম্যাথিউ ডাকওয়ার্থ বলেছেন, অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য অর্থ পরিশোধে হওয়া ‘অনিয়ম’ সম্পর্কে অবগত আছে।

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং তদন্তে সহায়তাকারী অস্ট্রেলীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছে। শ্রীলঙ্কার ঋণ স্থিতিশীলতায় প্রত্যাবর্তনে সহায়তা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র: এনডিটিভি

 

আবা/এসআর/২৬