যুদ্ধবিরতি চলাকালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৪:৩০ | অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। নতুন এই রণতরীর নাম ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ।

গতকাল মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে রণতরীটি। আফ্রিকার উপকূল পাড়ি দিয়ে বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে।

ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দেশটির মোট ১০টি পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরীর মধ্যে এটি অন্যতম।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে শুরু হয় সংঘাত। এর কয়েক দিন আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রথম বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। পরে মার্চের মাঝামাঝি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড নামে আরও একটি রণতরী পাঠানো হয়।

তবে যান্ত্রিক ত্রুটি, অগ্নিকাণ্ড এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যার কারণে মার্চের শেষ সপ্তাহে মেরামতের জন্য লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। একই সময় ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ।

এদিকে, ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন সংঘাত চলার পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। পরে সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: এএফপি