মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২৩:৩৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় থাকা মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ‘‘আমি এইমাত্র পাকিস্তানে ইরানিদের সঙ্গে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি।’
সফর বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, প্রচুর কাজ পড়ে আছে! এছাড়াও তাদের (ইরানের) ‘নেতৃত্বের’ মধ্যে চরম অন্তর্কোন্দল এবং বিভ্রান্তি বিরাজ করছে। এমনকি তারা নিজেরাও জানেন না, এখন তাদের দায়িত্বে কে আছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব সুযোগ রয়েছে, তাদের হাতে কিছুই নেই! তারা যদি কথা বলতে চায়, তাহলে তাদের কেবল একটি টেলিফোন কল করলেই হবে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন।
আবা/এসআর/২৬
