বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

বাংলাদেশে ভারতের পরবর্তি হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদি। আজ সোমবার (২৭ এপ্রিল) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয় যে, দিনেশ ত্রিবেদী শিগগিরই বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন ।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদি ভারতের জেষ্ঠ রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালানোর পর বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়। এ সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়নে উভয় পক্ষ মনোযোগী,  এমন সময় বাংলাদেশে হাইকমিশনার হিসেবে বিজেপি দলীয় নেতা প্রবীণ রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে হাই কমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।