ওপেক থেকে বেরিয়ে গেল আরব আমিরাত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারীদের গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটি।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আমিরাত এমন সময় এ দুটি গ্রুপ থেকে বেরিয়ে গেল যখন ইরান যুদ্ধের কারণে তেলের ঐতিহাসিক অস্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমিরাত বেরিয়ে যাওয়ায় এ দুটি গ্রুপের মধ্যে অস্থিরতা বাড়বে এবং এগুলো দুর্বল হয়ে যেতে পারে।
তবে আমিরাতের দুটি গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় জয় বলেও অভিহিত করেছে আলজাজিরা। কারণ ট্রাম্পের অভিযোগ ছিল, এই গ্রুপগুলো তেলের দাম বৃদ্ধি করে বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি করেছে।
এদিকে ইরান যুদ্ধের সময় আমিরাতের অভিযোগ ছিল যে, তাদের ওপর ইরান ব্যাপক হামলা চালালেও সহযোগী আরব দেশগুলো তাদের জন্য খুব বেশি কিছু করেনি। এমন অভিযোগের মধ্যেই দেশটি গ্রুপ দুটো থেকে নিজেদের সরিয়ে নিলো।
উল্লেখ্য, পূর্বে ভূরাজনীতি নিয়ে বিভিন্ন মতানৈক্য থাকলেও ওপেক ও ওপেক প্লাসের সদস্যভুক্ত দেশগুলো সবসময় নিজেদের মধ্যে ঐক্য প্রদর্শন করেছে। তবে আরব আমিরাতের এমন পদক্ষেপে সেই ঐক্যে ফাটলের চিহ্ন এখন স্পষ্ট।
