পশ্চিমবঙ্গ নির্বাচন: বুথফেরত জরিপে তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৩৫ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিভিন্ন বুথফেরত জরিপের ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। এতে দেখা যাচ্ছে, অধিকাংশ জরিপেই এগিয়ে বিজেপি। কোনো কোনো জরিপে আবার তৃণমূল এগিয়ে আছে। যদিও ভারতের নির্বাচনি ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথফেরত বা প্রাক-নির্বাচনি জনমত জরিপ মেলে না। আবার অনেক ক্ষেত্রে মিলে যাওয়ার ঘটনাও আছে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। বিজেপি সেবার পায় ৭৭টি আসন। ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে যাচ্ছে বিজেপি, আর তৃণমূল পাচ্ছে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যরা ৬-১০টি আসন পেতে পারে বলে এই সমীক্ষায় দেখা গেছে।

চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের যে সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, বিজেপি ১৫০ পেরিয়ে গেছে। ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে তারা। তৃণমূল পাচ্ছে ১৩০ থকে ১৪০টি আসন। অন্যরা ৬ থেকে ১০টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। তবে বাম এবং কংগ্রেসের আসন শূন্য।

পিপল্‌স পাল্‌স-এর সমীক্ষায় আবার তৃণমূল এগিয়ে। তারা পাচ্ছে ১৭৮ থেকে ১৮৯টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। অন্যদের মধ্যে কংগ্রেস ১ থেকে ৩টি আসন এবং বামেরা শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে।

পি-মার্কের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে দলটি। অন্যদিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যদের কোনো আসন দেয়া হয়নি এই সমীক্ষায়। 

প্রজা পোল-এর সমীক্ষায় বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসনে এগিয়ে রাখা হয়েছে। তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। অন্য দলগুলো শূন্য থেকে পাঁচটি আসনে জিততে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে।

পোল ডায়েরির সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। এ সমীক্ষায় অন্যদের পাঁচ থেকে ৯টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হচ্ছে।

জনমত পোল্‌স-এর সমীক্ষায় আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতা ধরে রাখবে বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়। বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেসকে এক থেকে তিনটি আসন এবং বামদের শূন্য থেকে একটি আসন দেয়া হয়েছে। অন্যরা পেতে পারে তিন থেকে পাঁচটি আসন। 

জেভিসি’র সমীক্ষায় তৃণমূলকে ১৩১ থেকে ১৫২টি আসনে এগিয়ে রাখা হয়েছে। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৫৯টি আসন। কংগ্রেসকে শূন্য থেকে দু’টি আসন দেয়া হয়েছে এই সমীক্ষায়।

বুধবার (২৯ এপ্রিল) ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। এই দফায় সাত জেলার ১৪২টি আসনে ভোট হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর এ বছর ভোটের হার অন্যান্য বারের তুলনায় অনেক বেশি। 

পশ্চিমবঙ্গের ভোটদানের হার নজির গড়ে ফেলেছে ইতোমধ্যেই। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে রাজ্যটিতে। তবে এ রাজ্যে দ্বিতীয় দফার ভোটদানের চূড়ান্ত হার এখনও প্রকাশ্যে আসেনি। তার আগেই বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ করে দিলো বিভিন্ন সংস্থা। আগামী ৪ মে পশ্চিমবঙ্গে ভোটগণনা হবে। ভোটের চূড়ান্ত ফল জানা যাবে সেদিনই। শেষ মুহূর্তে বুথফেরত সমীক্ষার হিসাব উল্টে যাবে কি না, তা ওই দিনই স্পষ্ট হবে।
 
সূত্র: আনন্দবাজার