উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলা, আহত ১২ সেনা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১:০৪ | অনলাইন সংস্করণ

উত্তর ইসরাইলে একটি সামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত ১২ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দেশটির উত্তরাঞ্চলে একটি সামরিক যানে ড্রোন আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।
তাদের তথ্যমতে, ইসরাইল-লেবানন সীমান্তের কাছাকাছি শোমেরা এলাকার নিকটে ড্রোনটি আঘাত করে। এতে দুইজন সেনা মাঝারি আহত এবং অন্তত ১০ জন সামান্য আহত হন।
দমকল ও উদ্ধার বিভাগের প্রকাশিত এক ছবিতে দেখা যায়, ড্রোনের আঘাতে সেনাবাহিনীর একটি পরিবহনযানে আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।
প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, হামলায় ব্যবহৃত ড্রোনে বিশেষ ধরনের তারযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিন লেবানন দিক থেকে ছোড়া রকেট বা ড্রোন প্রতিহত করতে ইসরাইলি বাহিনী অন্তত চারবার প্রতিরোধ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানানো হয়। অধিকাংশ হামলা প্রতিহত করা গেলেও কিছু লক্ষ্যবস্তুর বিষয়ে এখনও যাচাই চলছে।
এদিকে উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, জারিয়াত লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথাও জানিয়েছে ইসরাইলি বাহিনী। সূত্র: টাইমস অব ইসরাইল
