ইরান যুদ্ধ ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৫০ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে বলে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা তিনি মানতে বাধ্য নন। ট্রাম্পের এমন দাবিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

চিঠিতে তিনি দাবি করেন, এই যুদ্ধে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে।

তবে কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন, গত মাসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ায় সেই সময়সীমার ‘ঘড়ি থেমে গেছে’, তাই তিনি ওই আইনি বাধ্যবাধকতা মানতে বাধ্য নন।

তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি এখনো গুরুত্বপূর্ণ এবং তা মোকাবিলায় প্রস্তুতি অব্যাহত থাকবে।

এদিকে, সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিন শাহীনের প্রেসিডেন্টের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ৬০ দিনের সংঘাতের পরও ট্রাম্প প্রশাসনের কোনো স্পষ্ট কৌশল বা ‘এক্সিট প্ল্যান’ নেই। তিনি এই সময়সীমাকে আইনি দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আইনে বলা আছে, কোনো প্রেসিডেন্ট যদি সামরিক অভিযান শুরু করেন, তবে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। অন্যথায় তাকে সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে।

 

আবা/এসআর/২৬