ইরানের ১৪ দফা প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৬:০৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের দেয়া ১৪ দফার নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে।
রোববার (৩ মে) এই প্রস্তাব ও আলোচনার অগ্রগতি নিয়ে সংবাদমাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি জানিয়েছেন, বর্তমান আলোচনায় পারমাণবিক ইস্যুকে যুক্ত করার কোনো সুযোগ নেই। তাদের মূল মনোযোগ এখন শুধুই লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধের স্থায়ী সমাপ্তি টানা। এটি কোনো ভঙ্গুর বা সাময়িক যুদ্ধবিরতি নয়।
বাঘাই বলেন, ‘আমরা কোনো চাপের মুখে বা আল্টিমেটামের ভিত্তিতে আলোচনা করব না।’ প্রস্তাবিত ৩০ দিনের সময়সীমা নিয়ে তিনি জানান, এটি কোনো আল্টিমেটাম নয়, বরং এই নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে একটি চুক্তিতে পৌঁছানো যায় এবং তা বাস্তবায়ন করা যায়, সেটিরই একটি রূপরেখা।
ইরানের দেয়া ১৪ দফার এই প্রস্তাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আটকে থাকা বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।
এছাড়া প্রণালীটি পরিচালনার জন্য একটি নতুন কৌশল তৈরি, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো হামলার শিকার না হওয়ার নিশ্চয়তার পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে প্রস্তাবটিতে।
এদিকে, যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের দেয়া এই নতুন প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার (৩ মে) ইসরাইলি সংবাদমাধ্যম কান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আবা/এসআর/২৬
