মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে ‘মুছে ফেলা হবে’: ট্রাম্প
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১২:২০ | অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি ও আশপাশে মার্কিন জাহাজে হামলা চালানো হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক উন্নত। বিশ্বের বিভিন্ন স্থানে তাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে রয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে।
ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি দক্ষিণ কোরিয়াকে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এদিকে, যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পারাপারের চেষ্টা চালাচ্ছে। তবে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী, এই পথ দিয়ে নৌযান চলাচল এখনো প্রায় স্থবির রয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসের যে দাবি যুক্তরাষ্ট্র করেছে, তা সম্পূর্ণ মিথ্যা।
