ভোটের পর পশ্চিমবঙ্গে সহিংসতা, দুই জেলায় দুইজন নিহত
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৮:০৯ | অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। ভোট-পরবর্তী সংঘাতে বীরভূম ও হাওড়ায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বীরভূম জেলার নানুরে সংঘর্ষে তৃণমূল কর্মী আবির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, তাকে একা পেয়ে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
অন্যদিকে, হাওড়ার উদয়নরায়ণপুরে বিজেপির সমর্থক যাদব বর (৪৮) নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর তিনি অন্যদের সঙ্গে আনন্দ মিছিলে অংশ নেন। পরে রাতের দিকে বাড়ির কাছ থেকে তাকে তুলে নিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এছাড়া নদিয়ার কৃষ্ণনগরের বাদকুল্লা মোড় এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় দখল করে সেখানে বিজেপির পতাকা টাঙানো হয়। পরে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
তৃণমূলের অভিযোগ, বিজেপি-সমর্থিত লোকজন এ হামলা চালিয়েছে এবং ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
একইভাবে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ফুলতলা দলীয় কার্যালয়েও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেখানে হামলার পর দলীয় পতাকা নামিয়ে অন্য পতাকা টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্র: আনন্দবাজার
