লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:২৫ | অনলাইন সংস্করণ

নৃশংস হত্যাকাণ্ডের শিকার গবেষণারত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে তাদের এই ডিগ্রি প্রদান করা হবে।
৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটে চিঠি দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। নিহত দুজনের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে অংশ নিয়ে পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণ করবেন।
এদিকে, ৬ মে টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে উচ্চতর গবেষণা করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) রাসায়নিক প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছিলেন।
গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের সহবাসী এক মার্কিন নাগরিককে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতু সংলগ্ন এলাকা থেকে কালো ব্যাগের ভেতরে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
