ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো যুদ্ধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন।

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৫ মে) বেইজিং সফরে যান আব্বাস আরাঘচি।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চীন কাজ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এখন অত্যন্ত জরুরি এবং পরিস্থিতি এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষের সরাসরি আলোচনায় বসা প্রয়োজন।

এসময় চীনের অবস্থানের প্রশংসা করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করায়, চীনকে ধন্যবাদ জানান আব্বাস আরাঘচি। তিনি বলেন, বেইজিং সবসময় ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘নির্লজ্জ আগ্রাসন’ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আলোচনায় ইরান তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে এবং কেবল ন্যায্য কোনো চুক্তিই গ্রহণ করবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের আক্রমণাত্মক ধাপ শেষ হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য অর্জন করেছে এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ আত্মরক্ষার অংশ হিসেবে করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের ওই ধাপ শেষ হয়েছে এবং এ বিষয়ে প্রেসিডেন্ট কংগ্রেসকে অবহিত করেছেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই