ফ্লোরিডায় নিহত বৃষ্টির জানাজা সম্পন্ন, শনিবার দেশে ফিরছে মরদেহ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৪:৫০ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে-তে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন ইসলামিক সোসাইটি অব টাম্পা বে’র ইমাম আরজান আহমেসুলা।

জানাজার আগে মসজিদ প্রাঙ্গণে বৃষ্টির মরদেহ পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে জানাজা শেষে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট এবং সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

সম্প্রতি ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। এর আগে জামিল লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়।

এদিকে জামিল ও বৃষ্টিকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কনস্যুলেটকে এ বিষয়ে চিঠি দিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের অনুরোধ জানিয়েছে। সেই অনুযায়ী একজন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।