ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন, সরকার গঠনের পথে বিজয়

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন, সরকার গঠনের পথে বিজয়

সরকার গঠনের জন্য অবশেষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগামকে সমর্থন দিয়েছে কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং বিদুথালাই চিরুথাইগাল কাজি। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবারও বৈঠকে বসবেন বিজয়।

টানা তিন দিনের মধ্যে এটি তাদের তৃতীয় বৈঠক। লক্ষ্য হচ্ছে নতুন সরকার গঠন নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা দূর করা।

এনডিটিভির তথ্য অনুযায়ী, সরকার গঠনের দাবি জানানোর মতো সমর্থন এখন নিশ্চিত করেছেন বিজয়। কংগ্রেসের ৫ জন, বিদুথালাই চিরুথাইগাল কাজির ২ জন, ভারতের কমিউনিস্ট পার্টির ২ জন এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ২ জন বিধায়ক তার পক্ষে সমর্থন দিয়েছেন। এতে বিজয়ের সমর্থিত আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৮-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

এর আগে, গত বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করলেও প্রয়োজনীয় সমর্থনের প্রমাণ দেখাতে না পারায় বিজয়ের দাবি নাকচ করা হয়েছিল। গভর্নর প্রশ্ন তুলেছিলেন, মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করা হবে এবং আর কোন দল সমর্থন দেবে।

এবারের বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে বিজয়ের দল ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তারা দ্রাবিড় মুনেত্রা কাজাগাম ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগামের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয়।

তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে ছিল দলটি। এরপর থেকেই শুরু হয় জোট ও সমর্থন নিয়ে রাজনৈতিক তৎপরতা।

বিজয়ের দল প্রথমেই কংগ্রেসের সমর্থন নিশ্চিত করে। তবে কংগ্রেস শর্ত দেয়, তামিলাগা ভেত্রি কাজাগাম যেন ‘সাম্প্রদায়িক শক্তি’র সঙ্গে জোট না করে। ইঙ্গিত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির দিকে।

পরবর্তীতে বিদুথালাই চিরুথাইগাল কাজি এবং দুই বামপন্থি দলের সমর্থন পাওয়ার পর সরকার গঠনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, নির্বাচনের আগে এই তিন দলই দ্রাবিড় মুনেত্রা কাজাগামের জোটে ছিল।

বিজয়,সরকার গঠনের পথে,অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন, সরকার গঠনের পথে বিজয়,১১৮ বিধায়কের সমর্থন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত