ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০ পর্বতারোহী

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০ পর্বতারোহী

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২০ জন পর্বতারোহী। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে সক্রিয় এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।

এতে প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় বিশাল ছাইয়ের স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দুর্বল থেকে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক দুর্যোগ প্রশমন কেন্দ্র।

স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রধান ইওয়ান রামদানি জানান, অগ্ন্যুৎপাতের সময় আটকে পড়া ২০ জন পর্বতারোহীর সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করছেন। নিখোঁজদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানা গেছে।

নর্থ হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু স্থানীয় গণমাধ্যমকে জানান, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক রয়েছেন।

বিজ্ঞানীরা আগেই আগ্নেয়গিরিটিতে বিপজ্জনক তৎপরতার আভাস পেয়েছিলেন। এর পর গত ১৭ এপ্রিল থেকে এলাকাটি দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির কেন্দ্রস্থল মালুপাং ওয়ারিরাং গহ্বর থেকে অন্তত চার কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আগ্নেয় ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় ছাই বৃষ্টি হতে পারে। পাশাপাশি উড়ে আসা পাথরের আঘাত ও লাভা প্রবাহের ঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে।

মাউন্ট ডুকোনো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। চলতি বছরের মার্চ মাস থেকে সেখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। সূত্র: আল জাজিরা

নিখোঁজ ২০ পর্বতারোহী,ভয়াবহ অগ্ন্যুৎপাত,ইন্দোনেশিয়া,নিহত ৩
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত