যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা হবে সবকিছুর শেষে: ইরান

প্রকাশ : ০৯ মে ২০২৬, ২১:০৬ | অনলাইন সংস্করণ

ইরানের ১৪ দফা পরিকল্পনার দিকে তাকালে যুদ্ধ শেষ করার বিষয়ে দেশটির চিন্তাভাবনা ও কৌশল বোঝা যায়। ইরান বলেছে, প্রথম ধাপে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হবে, বিশেষ করে দক্ষিণ লেবানন ও হিজবুল্লাহ প্রসঙ্গে। 

অর্থাৎ, ইরান আলোচনায় অগ্রগতিকে হিজবুল্লাহ এবং অঞ্চলে তার মিত্রদের পরিস্থিতির সঙ্গে যুক্ত করছে।

এটি আগের যুদ্ধবিরতির সময় দেখা অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ইসলামাবাদে ইরান কোনো অগ্রগতি দেখায়নি।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালি ঘিরে নতুন বাস্তবতা। ইরান বলছে, এখন একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং এই কৌশলগত জলপথের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে ইরানও সেই নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করতে প্রস্তুত।

ইরান আরও দাবি করছে, যেন ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না ঘটে এবং যুদ্ধ পুনরায় শুরু না হয়—এ ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে।

এসব বিষয়ের সমাধান হওয়ার পরই ইরান সবচেয়ে জটিল ও স্পর্শকাতর বিষয়, অর্থাৎ পারমাণবিক ইস্যু এবং এর বিস্তারিত নিয়ে আলোচনায় এগোতে রাজি হবে বলে জানিয়েছে।