ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে ইরান যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাঠানো জবাবকে তিনি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “আমার এটা পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।”

গত মঙ্গলবার যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি সমঝোতা চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘোষণা, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ৩০ দিনের আলোচনার কথা উল্লেখ ছিল।

রোববার পাকিস্তানের মাধ্যমেই লিখিত জবাব পাঠায় ইরান। পরে সেই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়। জবাব পৌঁছানোর কিছু সময় পরই প্রতিক্রিয়া জানান ট্রাম্প।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ইরান তাদের জবাবে এই বিষয়টি এড়িয়ে লেবাননের যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছে।

এ ছাড়া ইরান হামলার ফলে সৃষ্ট অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের আপত্তির মূল কারণ ইউরেনিয়াম ইস্যু। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০ শতাংশ। এটি আরও পরিশোধিত হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসন চাইছিল, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত হয় ধ্বংস করুক, নয়তো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করুক। তবে তেহরান পাল্টা প্রস্তাবে জানিয়েছে, ইউরেনিয়ামের একটি অংশের বিশুদ্ধতা কমিয়ে দেশেই রাখা হবে এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে পাঠানো হবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, “ইরান কখনও শত্রুর কাছে মাথা নত করবে না এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।” সূত্র: রয়টার্স

ট্রাম্প,‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’,ইরানের জবাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত