চীন সফরে ট্রাম্প, বাড়ছে কূটনৈতিক গুরুত্ব

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:০৮ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল আলোচিত চীন সফর শুরু করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে সফরটি আরও আগেই হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় বেইজিং সফর পিছিয়ে যায়। ধারণা করা হয়েছিল, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই চীন সফরে যাবেন ট্রাম্প।

কিন্তু সংঘাত এখনো অব্যাহত থাকলেও এর মধ্যেই রাষ্ট্রীয় সফর শুরু করেছেন তিনি।

পর্যবেক্ষক প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চীনবিষয়ক সাবেক উপদেষ্টা কার্ট ক্যাম্পবেল বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ট্রাম্পের চীন সফরে যাওয়া এবং চীনের তাকে স্বাগত জানানো অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।

চীন ও ইরান দীর্ঘদিনের মিত্র এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এমন পরিস্থিতিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা হামলা ও নৌ-অবরোধের মধ্যেও ট্রাম্পের সফর অব্যাহত থাকায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

কার্ট ক্যাম্পবেলের মতে, এই সফর ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত রয়েছে। একই সঙ্গে দুই দেশের ভঙ্গুর সম্পর্ক ধরে রাখার চেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে এই সফরকে। সূত্র: এনপিআর