ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণহানি ২,৯০০ ছুঁইছুঁই, ২০০ জনই শিশু

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৬ জনে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত ২ মার্চ থেকে চলমান ভয়াবহ এই হামলায় হতাহতের সংখ্যা নিয়ে সবশেষ এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ২০০ জনেরও বেশি শিশু রয়েছে, যা যুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, টানা এই সংঘাতের ফলে এ পর্যন্ত অন্তত ৮ হাজার ৮২৪ জন লেবানিজ নাগরিক আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের বিভিন্ন জনবহুল এলাকা ও শহর লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত রাখায় প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। আকাশপথের এই ক্রমাগত হামলার মুখে দেশটির বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও জনস্বাস্থ্য এখন চরম সংকটের মুখে পড়েছে। সূত্র- আল জাজিরা