ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি দেখছেন জেডি ভ্যান্স
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:৫৬ | অনলাইন সংস্করণ

তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে টানাপোড়েনের মধ্যে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অগ্রগতির কথা জানান।
জেডি ভ্যান্স বলেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ইরানের পারমাণবিক কর্মসূচি যেন কোনোভাবেই বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সেদিকেই মূল নজর দিচ্ছে মার্কিন প্রশাসন।
এর আগে ইরানের পক্ষ থেকে আসা একটি প্রস্তাবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি হয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সেই প্রস্তাবের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন, তবে ভ্যান্সের এই বক্তব্যে বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো চুক্তি হতে হলে তা হতে হবে টেকসই এবং যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া শর্তের অনুকূলে।
এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সম্প্রতি এক বিবৃতিতে পারমাণবিক চুক্তির বিষয়ে তেহরানের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম অধিকারের বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই আলোচনা এখন এক স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। দুই পক্ষই নমনীয় মনোভাব দেখালে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বর্তমানে দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিরা আলোচনার টেবিলে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কাজ করছেন বলে জানা গেছে।
