উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত অন্তত ৯০

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৩:১৪ | অনলাইন সংস্করণ

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর এ তথ্য জানিয়েছে।

রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় ৫৩ জন আহত হয়েছেন, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতে ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

একজন ত্রাণ কর্মকর্তা জানান, অনেক ক্ষেত্রে গাছ পড়ে যাওয়া এবং বাড়ির দেয়াল ধসে পড়ার কারণেও প্রাণহানি ঘটেছে।

তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত ও বেঁচে থাকা মানুষের পাশে দাঁড়াতে এবং ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, প্রবল ঝড়ো হাওয়ায় গাছ ও বড় বড় বিজ্ঞাপন বোর্ড উপড়ে পড়ে যানবাহনের ওপর ভেঙে পড়ছে। কোথাও কোথাও রাস্তার দোকানের কাঠের আসবাবপত্রও বাতাসে উড়ে যেতে দেখা গেছে।

এদিকে, শুধু ভারোহি জেলাতেই ধূলিঝড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ফতেহপুরে বৃষ্টিজনিত ঘটনায় আরও ৯ জনের প্রাণহানি ঘটে।

এছাড়া বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং রাজ্যের পাঁচটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সূত্র: রয়টার্স