শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২৩:০৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। প্রায় এক দশক পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই পুতিনের বেইজিং সফরের ঘোষণা এলো।
বৃহস্পতিবার(১৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি এই তথ্য জানিয়েছে।
দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের এই সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত করা না হলেও ভ্রমণের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা অনুযায়ী, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে। এর আগে পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের একটি শীর্ষ সম্মেলন ও বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন।
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বর্তমানে বেইজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। বুধবার(১৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আবা/এসআর/২৬
