কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব, ৬৫ জনের মৃত্যু
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৬:২৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের প্রধান কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হয়েছে স্বর্ণখনি সমৃদ্ধ শহর মোংওয়ালু এবং রুয়াম্পারা।
এক বিবৃতিতে আফ্রিকা সিডিসি জানায়, মূলত স্বর্ণ খনি সমৃদ্ধ মোঙ্গওয়ালু এবং রওয়ামপারা শহরে এ ভাইরাসের বিস্তার বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকছে তারা।
বর্তমানে ভাইরাসের ধরন বা স্ট্রেইন শনাক্তে অধিকতর পরীক্ষা চালানো হচ্ছে। ইতুরির প্রাদেশিক রাজধানী বুনিয়াতেও বেশ কিছু সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার ফলে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।
উল্লেখ্য, ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল ১৯৭৬ সালে এই কঙ্গোতেই। ধারণা করা হয়, বাদুড় থেকে মানুষের শরীরে এ ভাইরাস ছড়িয়েছে। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলার প্রাদুর্ভাব। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। এর ফলে শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ এবং গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যায়।
আবা/এসআর/২৬
