কিম জং উনের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকার দাবি ট্রাম্পের
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:০৭ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তাদের সম্পর্ক খুব ভালো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীন সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আপনারা জানেন, কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সবকিছু শান্তভাবেই চলছে।
কিম জং উনের সঙ্গে সম্প্রতি কোনো যোগাযোগ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
ট্রাম্প বলেন, এটা গুরুত্বপূর্ণ নয়। আমি আপনাদের এসব বলবো না। তিনি আরও দাবি করেন, উত্তর কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়েছেন। তিনি আমাদের দেশের প্রতি সম্মান দেখিয়েছেন। আমিও চাই তিনি সম্মান বজায় রাখুন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, বেইজিং সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও উত্তর কোরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
সূত্র: সিএনএন
আবা/এসআর/২৬
