খাশোগি হত্যাকাণ্ডে ফ্রান্সে তদন্ত শুরু, চাপে সৌদি যুবরাজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ফ্রান্সে বিচার বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। কয়েকটি মানবাধিকার সংগঠনের যৌথ আবেদনের পর এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউরোপভিত্তিক সংবাদমাধ্যম ইউরো নিউজ।

ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলি দপ্তর শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দায়ের করা অভিযোগের ভিত্তিতে একজন ফরাসি তদন্তকারী বিচারক হত্যাকাণ্ডের পেছনের কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখবেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংস্থা ট্রায়াল ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারসের যৌথ আবেদনের পর প্যারিসের একটি আপিল আদালত মামলাটি গ্রহণের নির্দেশ দেয়। এরপর মানবতাবিরোধী অপরাধবিষয়ক ইউনিটের একজন বিচারকের কাছে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ দলের মাধ্যমে নির্যাতন ও জোরপূর্বক গুমের অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, যুবরাজ তার অধীনস্থদের দিয়ে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

আপিল আদালত পর্যবেক্ষণে বলেছে, জামাল খাশোগির ওপর চালানো নৃশংস ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে সৌদি যুবরাজের ফ্রান্স সফরের সময় প্রথম এই আইনি উদ্যোগ নেয়া হয়। তবে শুরুতে ফ্রান্সের কৌঁসুলি দপ্তর তদন্তের বিরোধিতা করে। তাদের দাবি ছিল, এ ধরনের আন্তর্জাতিক অপরাধের ঘটনায় মামলা করার আইনি এখতিয়ার ফরাসি মানবাধিকার সংগঠনগুলোর নেই।

পরে দীর্ঘ আইনি লড়াই শেষে আপিল আদালত মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে রায় দেয়।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগিকে হত্যা করা হয়। পরে তার মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়, যা আজও উদ্ধার হয়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো শুরু থেকেই এই হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে আসছে।