অস্ট্রেলিয়ায় স্ত্রী ও সন্তানদের হত্যার পর পুলিশে ফোন বাংলাদেশির

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:১৮ | অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে ক্যাম্পবেলটাউনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই পুলিশে ফোন করে সাহায্য চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তিনটি আলাদা কক্ষে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন ৪৬ বছর বয়সী এক নারী এবং তার ১২ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তান। ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় এখনো নিহত বা অভিযুক্ত কারও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবারটি বাংলাদেশি।

জানা যায়, প্রায় ১২ বছর আগে পরিবারটি অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। পরিবারের বাবা বাসায় থেকে সন্তানদের দেখাশোনা করতেন এবং মা চাকরি করতেন। বড় ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন ছিল বলেও জানা গেছে।

এই হৃদয়বিদারক ঘটনার খবরে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।