চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৩:৩২ | অনলাইন সংস্করণ

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে শনিবার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

এর আগে জানানো হয়েছিল, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত উদ্ধার, দুর্ঘটনার কারণ উদঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনে এটি গ্রীসের চেয়েও বড় এবং এখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস।

গত বছর এই প্রদেশে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়, যা পুরো চীনের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে এই অঞ্চলের কয়লা খনি শিল্পে নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই দুর্বল বলে জানা যায়। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে খনিদুর্ঘটনার অসংখ্য ঘটনা ঘটেছে।