যুদ্ধ নিয়ে চুক্তির অনেক কাছাকাছি ইরান : দাবি ট্রাম্পের
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৬:১১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ নিয়ে তেহরানের সঙ্গে একটি চুক্তির সিংহভাগই চূড়ান্ত বা সমঝোতা করা হয়েছে। চুক্তিতে পৌঁছানোর ‘অনেক কাছাকাছি’ ইরান।
শনিবার (২৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এমনটা দাবি করেছেন।
ট্রাম্প জানান, এই পোস্টের ঠিক আগেই তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরাইনের শীর্ষ নেতাদের সাথে একটি ‘অত্যন্ত ইতিবাচক ও চমৎকার’ ফোনালাপ শেষ করেছেন।
সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি খসড়া চুক্তি দেখেছেন। এটি যথেষ্ট ভালো কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না, আমি আপনাকে তা বলতে পারব না।’ তবে জোর দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি হলে তা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ‘অবশ্যই’ বিরত রাখবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কেবল এমন একটি চুক্তিতে সই করব, যেখানে আমরা যা চাই তার সবকিছু পাব। আমাদের একটি চুক্তি করতে হবে, অথবা এমন একটি পরিস্থিতি তৈরি হবে, যেখানে কোনো দেশই আর কখনও এতটা কঠিন আঘাতের শিকার হবে না, যতটা তারা হতে চলেছে।’
এ পরিস্থিতিতে গতকাল শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান বিভিন্ন বিষয়ে একমত হচ্ছিল। তবে তিনি সতর্ক করে বলেন, এর অর্থ এই নয়, গুরুত্বপূর্ণ বিষয়গেুলোতে কোনো চুক্তি হবে। তিনি মার্কিনিদের বিরুদ্ধে ‘পরস্পরবিরোধী বক্তব্য’ দেওয়ার অভিযোগ তোলেন।
সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার আলজাজিরা জানায়, গতকাল দফায় দফায় ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে তেহরান ছেড়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেন, ইরানের নেতৃত্বের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।
আবা/এসআর/২৬
