লেবাননে ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ একই পরিবারের ৯ সদস্য নিহত

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১১:৪৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশুসহ একই পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই সিরীয় শরণার্থী বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি
 ‍
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন শহরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। ওই বাড়িটিতে বেসামরিক লোকজন বসবাস করতেন।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ ১৭ মে থেকে আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা, অস্ত্রভাণ্ডার ও যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। তবে লেবাননের কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

গত কয়েক মাসে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মীরাও রয়েছেন। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। ফলে যুদ্ধবিরতি থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। বিশ্লেষকদের মতে, গাজা পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক তৎপরতার ওপর লেবানন সীমান্তের ভবিষ্যৎ পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে।