কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:০৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রতীকী ছবি

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার সব লক্ষ্যবস্তু ধ্বংস করেছে এবং কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি।

বুধবার (৩ জুন) ভোরে এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, মাঝরাতে দেশটিতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “কুয়েতের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করছে যে দেশের অভ্যন্তরে কোনো স্থাপনায় শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ঘটেনি। মাঝরাতে যে শব্দ শোনা গিয়েছিল, সেটি ছিল শত্রুতে ক্ষেপণাস্ত্র-ড্রোন ধ্বংসের আওয়াজ”

তবে কুয়েতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বাহিনীটি দাবি করে, “আমাদের কাছে প্রমাণ আছে যে কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।”

এর আগে ১ জুনও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে। সে সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে প্রায় একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বাহরাইনের কর্তৃপক্ষ।

মঙ্গলবার দিবাগত রাতে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানায়, পারস্য উপসাগরে অবস্থিত ইরানি দ্বীপ কেশমের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছু সময় পর কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ করে আইআরজিসি।

সূত্র : সিএনএন