জেলেনস্কির বৈঠকের প্রস্তাব নাকচ করে দিলেন পুতিন
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:২৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, তা নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর: বিবিসির
সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান তিনি।
পুতিন বলেন, বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকের কোনো অর্থ দেখছি না। যুদ্ধবিরতি নয়, আগে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির ভিত্তি তৈরি হওয়া প্রয়োজন। তার মতে, যুদ্ধবিরতি হলে ইউক্রেন শুধু নিজেদের বাহিনী পুনর্গঠনের সুযোগ পাবে।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) এক খোলা চিঠিতে জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তিনি লিখেছিলেন, যুদ্ধ থামানোর জন্য শুধু অপেক্ষা করে থাকা ভুল হবে। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতিরও দাবি জানান।
তবে পুতিন সেই চিঠিকে ‘রূঢ়’ বলে মন্তব্য করে বলেন, আমি এখন কোনো বৈঠকের প্রয়োজন দেখছি না। বিশেষজ্ঞরা আগে সমাধানের খসড়া তৈরি করুক, তারপর বৈঠক হতে পারে।
পুতিন আরও স্পষ্ট করে বলেন, রাশিয়া তাদের ঘোষিত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ করবে না। মস্কোর দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে সরে যেতে হবে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা পরিত্যাগ করতে হবে।
অন্যদিকে জেলেনস্কি পুতিনের প্রতিক্রিয়াকে হতাশাজনক বলে আখ্যা দিয়ে বলেন, রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিচ্ছে। পুতিন যুদ্ধ শেষ করতে চান না।
আবা/এসআর/২৬
