ফের মার্কিন হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৮:৩২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছে তেহরান।

সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। এ নির্দেশ লঙ্ঘন করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় এসব হামলা চালানো হয়। তবে ইরানের ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা সুস্পষ্ট করে জানানো হয়নি।

ইরানের সংবাদমাধ্যমের খবর, বন্দরনগরী বন্দর আব্বাসে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কাশেম দ্বীপ, গোরগান, সিরিক ও মিনাবের দক্ষিণের শহরে বিস্ফোরণ ঘটেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কর্তৃপক্ষ।

এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে ইরানে ‘কঠোর’ আঘাত হানার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দিবাগত রাতে দুপক্ষ পাল্টাপাল্টি হামলা চালানোর পর বুধবার এ ঘোষণা দেন তিনি।

 

আবা/এসআর/২৬