রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন আদ্রিয়ান ভেস্তেয়া
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৭:৫২ | অনলাইন সংস্করণ

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান আগের পছন্দের প্রার্থী ইউজেন তোমাক সরে দাঁড়ানোর পর ন্যাশনাল লিবারেল পার্টির সদস্য ও সাবেক মেয়র আদ্রিয়ান ভেস্তেয়াকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
আজ রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মধ্যপন্থি এই রাষ্ট্রপ্রধান বলেন, ইউজেন তোমাক আজ সকালে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, তাই আমি আদ্রিয়ান ভেস্তেয়াকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করছি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৫২ বছর বয়সী ভেস্তেয়া বর্তমানে রোমানিয়ার মধ্যাঞ্চলীয় ব্রাসভ কাউন্টির কাউন্টি কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউজেন তোমাক একটি টেকনোক্র্যাট বা বিশেষজ্ঞ সরকার গঠনের চেষ্টা করেছিলেন, কিন্তু সংসদে দলগুলোর সমর্থন না পেয়ে পিছু হটেন। নতুন মনোনীত প্রধানমন্ত্রী ভেস্তেয়া ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়নের পর ভেস্তেয়া বলেন, তিনি একটি রাজনৈতিক সরকার গঠন করতে চান যা প্রকৃত সংস্কার করবে এবং রোমানিয়াকে পশ্চিমপন্থি পথে রাখবে। তিনি আরও বলেন, আমরা ইউরোপের ষষ্ঠ বৃহত্তম দেশ এবং উন্নয়নে আমাদের বড় জোর দিতে হবে। আমি প্রথম দিন থেকেই এটি করবো।
প্রেসিডেন্ট দান তার এই মনোনয়নের পক্ষে বলেন, ভেস্তেয়া রাজনৈতিক জীবনের সব প্রশাসনিক ধাপ অতিক্রম করেছেন। তিনি সফল মেয়র, সফল কাউন্টি কাউন্সিলের সভাপতি ও সফল মন্ত্রী ছিলেন এবং ব্রাসভ বিমানবন্দরের মতো প্রকল্পে ইউরোপীয় তহবিল আনতে সফল হয়েছিলেন।
রোমানিয়ায় এই মাসে প্রেসিডেন্ট দানের দুটি প্রধানমন্ত্রী মনোনয়নের বিষয়টি ঘটছে গত মে মাসে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইলি বোলোয়ানের সরকার উৎখাতের পরিপ্রেক্ষিতে। রোমানিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৮ সালের আগে নির্ধারিত নেই। ভেস্তেয়াকে ১০ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে এবং দায়িত্ব নিতে সংসদে আস্থা ভোট জিততে হবে।
উল্লেখ্য, রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ বাজেট ঘাটতির দেশগুলোর একটি এবং দেশটি মূল্যস্ফীতি ও কারিগরি মন্দার মুখোমুখি রয়েছে।
