যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৭:০৮ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ঘাঁটি কর্তৃপক্ষ।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও যা চোখে পড়ছিল। বিমানটিতে ৮ জন ক্রু ছিলেন যাদের সবাই নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে বিমানবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় অ্যাডওয়ার্ডস ঘাঁটি কর্তৃপক্ষ জানায়, বিমানঘাঁটির রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব বিমান সেখানে অবতরণ করার কথা সেগুলো অন্যত্র পাঠানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী পাস স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। এটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। বিশাল আকারের এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’। যা ‘বিগ আগলি ফ্যাট’র সংক্ষিপ্ত রূপ। সম্প্রতি ইরানে চালানো বোমা হামলায় বিমানটি ব্যবহার করা হয় বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

 

আবা/এসআর/২৬