যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: চাপে নেতানিয়াহু

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে নেতানিয়াহুর সকল প্রত্যাশার ভরাডুবি হয়েছে। নিজেকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ এবং আস্থাভাজন প্রচারকারী নেতানিয়াহুর সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ বিরতি চুক্তি করতে মরিয়া হয়ে চেষ্টা করেছেন। অবশেষে সফল হয়েছেন।

তেল আবিবের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী জনাথন রিনহোল্ড মনে করেন, নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলি জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন না। 

রয়টার্সের প্রতিবেদনে রিনহোল্ডের মতে নেতানিয়াহু সর্বোচ্চ কামনা করেন চূড়ান্ত চুক্তি ব্যর্থ হবে এবং ৬০ দিন পর যুদ্ধ আবার ইসরায়েলের পক্ষে সুবিধাজনক অবস্থায় শুরু হবে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের প্রশাসনের সঙ্গে বহুবার দ্বন্দ্বে জড়ালেও, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইসরায়েলিদের কাছে নিজেকে ট্রাম্পের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা নেতা হিসেবে উপস্থাপন করেছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে এবং আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সহায়তা করে। একই সঙ্গে ট্রাম্প ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তি বাতিল করেন, যা নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিল।

২০১৯ সালের নির্বাচনী প্রচারণায় নেতানিয়াহু তেল আবিব ও জেরুজালেমজুড়ে নিজের ও ট্রাম্পের হাস্যোজ্জ্বল করমর্দনের বিশাল বিলবোর্ড টানিয়েছিলেন। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নেতানিয়াহুর সেই যুক্তিকে দুর্বল করে দিচ্ছে যে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে।

শুক্রবার প্রকাশিত ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপ অনুযায়ী, মাত্র ৪১% ইহুদি ইসরায়েলি মনে করেন যে ট্রাম্প তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন। মার্চ মাসে এই হার ছিল ৬৪%।

নেতানিয়াহুর জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেন, ইরান যদি আবার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করার চেষ্টা করে, তবে ইসরায়েল একাই ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে। তার মতে, ট্রাম্প ক্ষমতায় থাকাকালে তেহরানের এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, ইরান যদি আবার তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার চেষ্টা করে, আমরা সেখানে থাকব এবং ব্যবস্থা নেব।